চ্যাম্পিয়নস ট্রফির আগে ওয়ানডে ক্রিকেটে নতুন রাজা পেল ব্যাটিং ও বোলিং র্যাংকিং! ভারতের শুবমান গিল ছুঁয়েছেন ব্যাটসম্যানদের শীর্ষ চূড়া, আর শ্রীলঙ্কার মাহিশ থিকশানা প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন বোলারদের এক নম্বরে। র্যাংকিংয়ের এই নাটকীয় পরিবর্তন টুর্নামেন্টের উত্তেজনায় যোগ করেছে নতুন মাত্রা।
ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় ভারতের তরুণ প্রতিভা শুবমান গিল এবার বাবর আজমকে পেছনে ফেলে এক নম্বর আসন দখল করেছেন। এটি তার দ্বিতীয়বার শীর্ষস্থান দখল করা, এর আগে ২০২৩ বিশ্বকাপে বাবরকে সরিয়েই প্রথমবার নাম লিখিয়েছিলেন তিনি।
সাম্প্রতিক ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত ব্যাট করেছেন গিল। আহমদাবাদে সিরিজের তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করেই ছিনিয়ে নিয়েছেন এক নম্বর স্থান। এখন বাবর রয়েছেন দুই নম্বরে, গিলের চেয়ে ২৩ রেটিং পয়েন্ট পিছিয়ে। তিন নম্বরে থাকা ভারত অধিনায়ক রোহিত শর্মার চেয়ে ৪৫ পয়েন্ট এগিয়ে শীর্ষে অবস্থান করছেন গিল।
এদিকে, নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন পাঁচ নম্বরে। শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা আট ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন সেরা দশে, আছেন আট নম্বরে। পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানও ছয় ধাপ এগিয়ে এখন ১৫তম স্থানে।
শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন্স ট্রফিতে না থাকলেও, মাহিশ থিকশানার পারফরম্যান্স তাকে র্যাংকিংয়ের শীর্ষে তুলে এনেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে চার উইকেট শিকার করে রশিদ খানকে টপকে ওয়ানডে বোলারদের মধ্যে এক নম্বর হয়েছেন এই লঙ্কান স্পিনার।
তবে ব্যবধান খুব বেশি নয়। মাত্র ১১ রেটিং পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে রয়েছেন আফগান লেগ-স্পিনার রশিদ খান। ভারতের কুলদীপ যাদব এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে এসেছেন, দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ রয়েছেন ছয়ে এবং নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার চার ধাপ এগিয়ে উঠে এসেছেন সপ্তম স্থানে।
অলরাউন্ডারদের র্যাংকিংয়ে এখনো এক নম্বরে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নাবি। তবে বাংলাদেশের জন্য স্বস্তির খবর, শীর্ষ পাঁচে জায়গা ধরে রেখেছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটিং ও বোলিং র্যাংকিংয়ে বাংলাদেশের কেউ না থাকলেও, অলরাউন্ডার ক্যাটাগরিতে মিরাজ একমাত্র প্রতিনিধি।
র্যাংকিংয়ের এই বড় পরিবর্তন চ্যাম্পিয়ন্স ট্রফির উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। পাকিস্তান ও দুবাইয়ের মাঠে বসতে যাওয়া এই টুর্নামেন্টে নতুন এক নম্বর তারকাদের পারফরম্যান্স এবার কেমন হয়, তা দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব!
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ‘অসুস্থ’ রোহিত?
ভারতকে হারানোর উপায় জানেন শান্ত, দরকার বাস্তবায়ন