মামলা দিয়ে চালকদের হয়রানি করা যাবে না: চসিক মেয়র

সিএনজি চালকরা ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনে শেষ পর্যন্ত মাঠে ছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর লালদিঘীর পাড়স্থ চসিক লাইব্রেরি মিলনায়তনে অটোরিকশা চালক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সিএনজি চালকরা সবসময় আন্দোলনে ছিল, এমনকি ফ্যাসিস্ট সরকার পতনের শেষ পর্যন্ত। ২০২৪ জানুয়ারিতে আওয়ামী লীগ যখন জোর করে নির্বাচন করেছিল, ওইদিনও তারা মাঠে ছিল। আন্দোলন সংগ্রামে চালকদের সক্রিয় ভূমিকা ছিল।

সিএনজি চালকদের পুলিশ কর্তৃক ডাবল মামলা দেওয়ার বিষয়ে তিনি বলেন, ডাবল মামলা যেগুলো না দেওয়ার জন্য বলা হয়েছিল, যদি এ ধরনের দিয়ে থাকে তাহলে নাম, মামলা এবং গাড়ির নম্বরসহ এগুলো তালিকা দেবেন। সেটা ডিসি ট্রাফিক বা অতিরিক্ত কমিশনারের কাছে দিয়ে দেব। মামলা দিয়ে যাতে চালকদের হয়রানি করা না হয়।

চসিক মেয়র বলেন, একটা স্বেরাচারী সরকারকে আমরা বিদায় করেছি। তাই যাদের বিদায় করেছি তারা আবার প্রবেশ করার সুযোগ পাবে এমন কিছু করা যাবে না। সবাইকে সাবধানে থাকতে হবে। কোনও চক্রান্তে পা দেওয়া যাবে না। দেশটাকে সবাই মিলে গড়তে হবে, তাই সময় নিতে হবে।

সিএনজি চালকদের পুলিশি হয়রানি, নো পার্কিং মামলা ও ইচ্ছামতো জরিমানা বন্ধ এবং শ্রমিক স্বার্থ বিরোধী ধারা বাতিলের দাবিতে চট্টগ্রাম মহানগর অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশ আয়োজিত এ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বাংলাদেশ অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, প্রধান বক্তা ছিলেন অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গোলাম ফারুক, বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাজী মো. সিরাজ উল্লাহ।