সচিবালয়ে প্রবেশে অস্থায়ী পাসের মেয়াদ বেসরকারি ব্যক্তিদের জন্য সর্বোচ্চ এক বছর এবং সরকারি কর্মকর্তা/কর্মচারীদের জন্য সর্বোচ্চ দুই বছর করা হচ্ছে। একই সঙ্গে দুই থেকে সর্বোচ্চ ১০ বছর মেয়াদি প্রবেশ পাস ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি সচিবালয়ে প্রবেশ নীতিমালা ২০২৫-এ এসব তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি।
নীতিমালায় দেখা গেছে অস্থায়ী প্রবেশ পাসের ক্ষেত্রে তিন মাস থেকে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত প্রদত্ত প্রবেশ পাসকে বোঝানো হয়েছে। এ ক্ষেত্রে বেসরকারি ব্যক্তিদের জন্য সর্বোচ্চ এক বছর এবং সরকারি কর্মকর্তা/কর্মচারীদের জন্য সর্বোচ্চ দুই বছর। এ ছাড়া স্থায়ী প্রবেশ পাসের ক্ষেত্রে দুই থেকে সর্বোচ্চ ১০ বছর মেয়াদি প্রবেশ পাস ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ও অনুমোদিত সচিবালয়ের অভ্যন্তরে যানবাহন প্রবেশের জন্য ব্যবহৃত স্টিকার বেসরকারি ব্যক্তির যানবাহনের জন্য সর্বোচ্চ এক বছর এবং সরকারি কর্মকর্তার যানবাহনের জন্য সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদে ইস্যু করা হবে।
এতে আরও বলা হয়েছে, যুগ্ম সচিব এবং তদূর্ধ্ব কর্মকর্তাদের গাড়ির স্টিকারের রঙ-সবুজ, উপসচিবদের গাড়ির স্টিকারের রঙ-হলুদ এবং বেসরকারি ব্যক্তিদের গাড়ির স্টিকারের রঙ-নীল হবে। অন্যদিকে ‘অস্থায়ী স্টিকার’র ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত লাল রংয়ের প্রদত্ত স্টিকার দেওয়া হবে।