ক্রিকেটের নতুন শক্তি আফগানিস্তান। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই এর প্রমাণ মিলেছে। আজ শুক্রবার চ্যাম্পিয়নস ট্রফির মঞ্চে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে যাচ্ছে আফগানরা। তাদের নিয়ে ইতিবাচক ভবিষ্যদ্বাণী করেছেন অনেকেই। আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদিও দারুণ আত্মবিশ্বাসী।
আট দলের আসরে সবাই চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য রাখে- এমন কথা শোনা গিয়েছিল বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মুখে। কিন্তু ভারতের কাছে ৬ উইকেটের হারে তারা টুর্নামেন্ট শুরু করেছে। হাসমতউল্লাহ বলেছেন, ‘গতবার সেমিফাইনালে খেলেছি। এবার আশা করব ফাইনালে যাব এবং শিরোপা জিতব। আমরা এটার দিকেই তাকিয়ে আছি, আমি জানি আমাদের সামর্থ্য আছে।’
হাসমতউল্লাহ আরও বলেছেন, ‘গত দুটি বিশ্বকাপে আমরা ভলো খেলেছি কিন্তু এটা এখন অতীত। আমাদের মাথায় থাকতে পারে, তবে সামনেই তাকাতে হবে। আমরা এমন দল নই, যারা কিছু একটা অর্জন করে তার ওপর নির্ভর করে থাকব। আমাদের লক্ষ্য হচ্ছে দল হিসেবে প্রতিনিয়ত উন্নতি করা। যখনই আমরা সুযোগ পেয়েছি, চ্যাম্পিনস ট্রফি, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে চেষ্টা করেছি পারফরম্যান্স উন্নতি করতে।’
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নিজের দলের ওপর পূর্ণ আস্থা ব্যক্ত করেন শহিদি, ‘আমি বিশ্বাস করি আমাদের দলটা ভালো, এই ধরনের কন্ডিশনও আমাদের জন্য মানানসই। অধিনায়ক ও দলের নেতা হিসেবে আমি খুবই আত্মবিশ্বাসী আমরা পরের ধাপে যেতে পারব। আমরা কঠোর পরিশ্রম করছি সেটার জন্য। গত দুই বছরে আমরা অনেক মানসম্পন্ন ক্রিকেট খেলেছি। আমাদের জন্য এবার ভালো সুযোগও, কারণ ছেলেরা বেশ অভিজ্ঞ।’