শুদ্ধ বাংলা প্রতিষ্ঠার দাবি ভাষাশহীদ রফিকের পরিবারের

ভাষাশহীদদের সম্মানার্থে সরকার ও বাংলা একাডেমির কাছে দেশের সর্বত্র শুদ্ধ বাংলা ভাষা প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন ভাষাশহীদ রফিক উদ্দিন আহমেদের ছোট ভাই ও রফিক স্মৃতি পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা মো. খোরশেদ আলম।

গতকাল শুক্রবার সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের রফিক নগরে (পারিল গ্রামে) ভাষাশহীদ রফিক গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে সাক্ষাৎকারে দৈনিক দেশ রূপান্তরকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘যখন দেখি বিভিন্ন সাইনবোর্ডসহ অনেক কাজেই বাংলাভাষা ভুলভাবে ব্যবহার হচ্ছে তখন খুব কষ্ট পাই। কারণ ভাষার এই অপব্যবহারের জন্য তো আমার ভাইয়েরা জীবন দেয়নি।’ এ ছাড়া সরকারি-বেসরকারি সব দাপ্তরিক কাজে এবং বিচার কাজে আদালতের রায়ও বাংলা ভাষায় করার দাবি জানান তিনি।

দুঃখ প্রকাশ করে খোরশেদ আলম বলেন, ‘বছরের অন্য সময় কেউ আমাদের এবং রফিক স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারের খবর রাখেন না। একমাত্র এই সময় এলেই লোকজন খবর নেন।’

তিনি বলেন, এখানে ২১ ফেব্রুয়ারি উদযাপন ঘিরে বিপুল অর্থের প্রয়োজন হয়। আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক ক্ষেত্রে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়। এছাড়া গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর দেখভালের দায়িত্বে থাকা ভাষাশহীদ রফিকের ভাতিজা মো. শাহজালাল ও গ্রন্থাগারিক ফরহাদ হোসেনের আর্থিক সুবিধা বৃদ্ধিসহ চাকরি স্থায়ী করার দাবি জানান তিনি।

এদিকে একুশের চেতনায় দেশ গড়ার প্রত্যয়ে একুশের প্রথম প্রহর থেকেই সিংগাইর উপজেলা পরিষদ চত্বর ও রফিক নগরে ভাষাশহীদ রফিক উদ্দিন আহমেদের বাড়িতে নির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, ইউএনও মো. কামরুল হাসান সোহাগ, সিংগাইর প্রেস ক্লাবের সাংবাদিকরা, সরকারি-বেসরকারি ও রাজনৈতিক বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান এবং স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষকসহ সর্বস্তরের মানুষ।

পরে বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে শিশুকিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।