চাহাল-ধনশ্রীর বিবাহবিচ্ছেদ নিয়ে কী হচ্ছে?

ভারতের স্পিনার যুজবেন্দ্র চাহালের ব্যক্তিগত জীবনে অনেকদিন ধরেই ঝড় চলছে। চাহাল ও তার স্ত্রী ধনশ্রী ভার্মা বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। কয়েক মাস ধরে তাদের বিবাহবিচ্ছেদের খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল। দুজনেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন। তবে তাদের বিবাহবিচ্ছেদের মামলা এখনো শেষ হয়নি বলে জানিয়েছেন ধনশ্রীর আইনজীবী।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বান্দ্রা রপারিবারিক আদালতে গত বৃহস্পতিবার এই দম্পতির আবেদনের চূড়ান্ত শুনানি হয়েছে। চাহাল ও ধনশ্রী দুজনেই শুনানিতে উপস্থিত ছিলেন। পরে ধনশ্রীর আইনজীবী অদিতি মোহন শুক্রবার এক প্রেস বিবৃতিতে বলেন, ‘এই ব্যাপারে আমার কিছু বলার নেই। বিষয়টি বর্তমানে বিচারাধীন। মিডিয়ার রিপোর্ট করার আগে সত্যতা যাচাই করা উচিত ছিল। কারণ, প্রচুর বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।’

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বিচারক দম্পতিকে আইনজ্ঞদের সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছেন। কাউন্সেলিং সেশনের পর বিচারককে জানানো হয়েছিল যে দুজনেই পারস্পরিক সম্মতিতে আলাদা হতে চান। এমনিতেই দুজনে গত ১৮ মাস ধরে আলাদা থাকছেন। বিবাহবিচ্ছেদের পেছনে সম্ভাব্য কারণ সম্পর্কে চাহাল-ধনশ্রী বলেছেন, তাদের বনিবনা হচ্ছে না।

কোর্ট চাহাল ও ধনশ্রীকে ৪৫ মিনিটের কাউন্সেলিং সেশনে অংশ নিতে বলেছিল। কিন্তু, এই সেশনের পরও তারা পারস্পরিক সম্মতিতে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। চাহাল বিচ্ছেদের শুনানির আগে ইনস্টাগ্রামে লিখেন, ‘ঈশ্বর আমাকে কতবার রক্ষা করেছেন, সেটা আমি গুনে শেষ করতে পারব না। ধন্যবাদ ঈশ্বর, আপনি সবসময় পাশে আছেন, এমনকী যখন আমি জানি না তখনও।’

ধনশ্রীও তার বিশ্বাস ও ধৈর্য সম্পর্কে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘চিন্তা থেকে আশীর্বাদ – অবিশ্বাস্য নয় কি? ঈশ্বর কীভাবে আমাদের দুশ্চিন্তা ও কঠিন সময়গুলোকে আশীর্বাদে পরিণত করতে পারেন? যদি তুমি আজ কোনো সমস্যায় থাকো, মনে রেখ যে তোমার কাছে দুটি অপশন আছে – হয় চিন্তা করতে থাক, নয়তো সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে দাও এবং প্রার্থনা করো। বিশ্বাসের শক্তি অসীম।’