সাবেক স্ত্রীর ‘দ্বিতীয় বিয়ের’ গুঞ্জনে চাহালের মন খারাপের পোস্ট

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১২:৫২ পিএম

কিছুদিন আগেই বিবাহবিচ্ছেদ হয়ে গেছে ভারতের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী ভার্মার। বিচ্ছেদের পর আরজে মহওয়াশের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন চাহাল। অন্যদিকে ধনশ্রীও সম্প্রতি আবারও সম্পর্কে জড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। শোনা যাচ্ছে তার দ্বিতীয় বিয়ের গুঞ্জনও। এরপরই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন ভারতের তারকা লেগ স্পিনার।

চাহালের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, তিনি একটি পাহাড়ি উপত্যকায় দুই হাত দুই দিকে ছড়িয়ে দাঁড়িয়ে আছেন। উপভোগ করছেন প্রকৃতি। সঙ্গে হয়তো মানসিক শান্তি খুঁজছেন। হয়তো বা তিক্ত সম্পর্ক থেকে মুক্তির আনন্দ উপভোগ করছেন। ছবির সঙ্গে চাহাল লিখেছেন, ‘‘মিলিয়ন ফিলিংস, জিরো ওয়ার্ডস।’ অর্থাৎ, লক্ষ লক্ষ অনুভূতি থাকলেও কিছু বলতে চান না। হয়তো সাবেক স্ত্রীর বিয়ের ইচ্ছার কথা জেনে পুরনো কথা মনে পড়ছে তার! সোশ্যাল মিডিয়ায় চাহালের সেই পোস্ট।

চাহালের এই পোস্টে ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, তিক্ত সম্পর্ক থেকে বেরিয়ে এসে আবার সেটা মনে করার কোনো মানে হয় না। তারা অতীতকে পেছনে ফেলে চাহালকে সামনে তাকানোর পরামর্শ দিচ্ছেন। আবার কেউ কেউ ধনশ্রীর সঙ্গে বিবাদ মিটিয়ে ফের এক হওয়ার কথাও বলেছেন! যদিও বিচ্ছেদের আগে ও পর চাহাল-ধনশ্রীর মাঝে তিক্ততা ছড়িয়ে পড়েছিল। এখন দুজনেই নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

উল্লেখ্য, সম্প্রতি এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ধনশ্রী বলেছিলেন, আমরা সবাই জীবনে ভালোবাসা চাই। কে না চায় ভালোবাসা পেতে? তবে তার আগে নিজেকে ভালোবাসা দরকার। যদি আমার জীবনে ভালো কিছু লেখা থাকে, তবে সেটি গ্রহণ করব না কেন? আমার বাবা-মা ও বন্ধুরাও চান আমি নতুন সম্পর্কে জড়াই। আমরা সবাই ভালোবাসার জন্য ক্ষুধার্ত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত