সাবেক স্ত্রী ধনশ্রী ভার্মার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে ভারতীয় তারকা স্পিনার যুজবেন্দ্র চাহালের। এরপর নতুন সম্পর্কেও জড়িয়েছেন এই লেগস্পিনার। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ পর্বে চাহালের মানসিক স্বাস্থ্যের এতটাই অবনতি হয়েছিল যে তিনি আত্মহত্যার কথাও ভেবেছিলেন! এতদিন পর চাহাল নিজেই শোনালেন সেই সময়ের গল্প।
এক পডকাস্টে চাহাল বলেছেন, ‘বিচ্ছেদ তো আর একদিনে হয়নি। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। সারা দুনিয়ার কাছে আমি এই ঘটনা লুকিয়ে রেখেছিলাম। সামাজিক যোগাযোগমাধ্যমেও স্বাভাবিক দম্পতির মতো আচরণ করতাম। এক মাস ধরে মাত্র দুই ঘণ্টা ঘুমাতে পারতাম। এমনকি অনেকবার আত্মহত্যার কথাও ভেবেছি! এই নিয়ে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেও আলোচনা করে ক্রিকেট থেকে বিরতি চেয়েছিলাম। মাঠের খেলায় মনোযোগ দিতে পারছিলাম না।’
ধনশ্রীর সঙ্গে চাহালের বিচ্ছেদের সময় চাহালকে অনেকে ‘প্রতারক’ বলেছিলেন। এ বিষয়ে চাহাল বলেন, ‘যখন আমি বিবাহবিচ্ছেদের মধ্যে দিয়ে যাচ্ছি, লোকে আমাকে প্রতারক বলতে লাগল! আমি কারও সঙ্গে প্রতারণা করিনি। এমনকি হলফ করে বলতে পারি, আমার মতো সৎ, ভদ্র মানুষ খুব কমই আছে। অন্য নারীর সঙ্গে দেখা গেলেই মানুষ সেই পুরুষের বিচার করে। আমার দুই বোন আছে। তাই আমি জানি, নারীদের কীভাবে সম্মান করতে হয়।’
দুঃস্বপ্নের দুই বছর কাটিয়ে ‘নির্দোষ’ প্রমাণিত হলেন পাকেতা
জয়সওয়ালের ধারাবাহিকতা হারানোর কারণ তাহলে এটাই?