মালয়েশিয়ায় ৮৫ অবৈধ বাংলাদেশি অভিবাসী আটক

অভিযান চালিয়ে ৮৫ বাংলাদেশিসহ ৬০০ অবৈধ অভিবাসীকে আটক মালয়েশিয়ান পুলিশ। শনিবার স্থানীয় সময় ভোর পাঁচটায় কেলাং মেরুর একটি সেন্ট্রাল মার্কেটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশনস) জাফ্রি এমবোক তাহা বলেন, ভোর সাড়ে ৫টায় শুরু হওয়া এই অভিযানে সন্দেহভাজন ৬৩০ অভিবাসীকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের মধ্যে থেকে ৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বয়স ১৭ থেকে ৫৭ বছর।

এদের মধ্যে কয়েকজন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই-কমিশনারের (ইউএনএইসসিআর) কার্ডধারী বলে দাবি করেছেন। তবে তারা গ্রেপ্তার এড়ানোর জন্য এই দাবি করেছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম বলেছে, অভিবাসন কর্তৃপক্ষের অভিযানে গ্রেপ্তার হওয়া অভিবাসীদের মধ্যে ৫৩০ জন মিয়ানমারের, ৮৫ জন বাংলাদেশের, সাতজন ইন্দোনেশিয়ার, পাঁচজন ভারতের এবং একজন নেপালের নাগরিক। বিস্তারিত তদন্ত এবং আইনি পদক্ষেপ গ্রহণের জন্য গ্রেপ্তার অভিবাসীদের দেশটির সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।