অভিযান

মালয়েশিয়ায় ৩৭০ বাংলাদেশিসহ ১ হাজার অভিবাসী আটক

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৩:১৪ এএম

মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগ এক অভিযানে ১ হাজার ৪৩ অবৈধ অভিবাসীকে আটক করেছে। আটকদের মধ্যে ৩৭০ জন বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে

অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়। সোমবার থেকে শুরু হওয়া এ অভিযান দেশটির বিভিন্ন এলাকায় পরিচালনা করা হয়।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, ‘অপ সাসার’ নামের এ অভিযানে মোট ৩ হাজার ৩০৭ বিদেশিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। আটকদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি। 

মঙ্গলবার সংবাদ সম্মেলনে জাকারিয়া জানান, বিদেশিদের উপস্থিতি নিয়ে স্থানীয়দের অভিযোগ বাড়ায় বর্তমানে সারাদেশে প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয়টির বেশি অভিযান পরিচালনা করছে ইমিগ্রেশন বিভাগ। চলতি বছর ৩১ হাজারের বেশি বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া জুলাই পর্যন্ত প্রায় ২৮ হাজার বিদেশিকে ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।

এদিকে অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ দিতে সরকার ‘মাইগ্রেন্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম’ চালু রেখেছে বলে জানান তিনি।

জাকারিয়া বলেন, এ কর্মসূচির আওতায় অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে ৫০০ রিঙ্গিত জরিমানা পরিশোধ করলে তাদের নিরাপদে নিজ দেশে ফেরার সুযোগ করে দেওয়া হয়। জানা যায়, ইমিগ্রেশন বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত