সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ বিজয়ী কৃতি নারী ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গাজীপুরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকার নবনির্বাচিত নির্বাহী পরিষদের সদস্যদের অভিষেক ও বার্ষিক বনভোজন অনুষ্ঠানে শনিবার বিকেলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের কৃতি নারী ফুটবল খেলোয়াদের এ সংবর্ধনা দেওয়া হয়।
গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার সাবাহ গার্ডেনে সংর্বধনা প্রাপ্ত কৃতি নারী ফুটবলাররা হলেন তহুরা, কৃষ্ণা রানী সরকার, শিউলি, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র, মিলি আক্তার, সানজিদা আক্তার, মারিয়া। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকার করে চেক দেওয়া হয়।
এ বনভোজনে বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলা থেকে আগত সদস্যরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, ক্রীড়া প্রতিযোগিতাসহ নানা আনন্দমুখর কার্যক্রম।
অনুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির মহাসচিব নাসির-উদ-দৌলা। উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব-এ এম এম আ. হালিম, অভিষেক কমিটি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাজমুল করিম খান, বিশিষ্ট সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া প্রমুখ।
এ ছাড়া অভিষেক ও বনভোজন অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট সমাজ সেবক, শিল্পপতি, শিক্ষাবিদ, সাংবাদিক, কবি-সাহিত্যিক, শিল্পী-গায়ক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।