টাঙ্গাইলের ভূঞাপুরে আব্দুল আলীম (৩০) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে উপজেলার গোবিন্দাসী এলাকায় এ ঘটনা ঘটে। আহত আব্দুল আলীম গোবিন্দাসী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি।
এদিকে যুবদল নেতাকে জখম করার ঘটনায় সংগঠনের ক্ষুব্ধ নেতাকর্মীরা গতকাল শনিবার সকালে লুৎফর রহমান নামে এক আওয়ামী লীগ নেতার মোটরসাইকেল পুড়িয়ে তাকে পুলিশে সোপর্দ করেছে। লুৎফর রহমান ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।
জানা যায়, গত শুক্রবার রাত ৮টার দিকে তানিয়া খাতুন নূরানী মাদ্রাসার সামনে একদল দুর্বৃত্ত যুবদল নেতা আলীমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে রাস্তার পাশে বালুর স্তূপে ফেলে রেখে চলে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ওই রাতেই গোবিন্দাসী এলাকার জহিরুল নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। এদিকে যুবদলের ক্ষুব্ধ নেতাকর্মীরা গতকাল সকালে গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমানের মোটরসাইকেল পুড়িয়ে দেয় এবং তাকে পুলিশে সোপর্দ করে।
উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস উদ্দিন বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীমকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম জানান, হামলার ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাসহ দুজনকে আটক করা হয়েছে।