ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে ২৯ সদস্যবিশিষ্ট একটি বাণিজ্য প্রতিনিধিদল ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করবে। বাংলাদেশ ও ইউএইর মধ্যকার দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, ইউএইসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ এবং সর্বোপরি অর্থনৈতিক কূটনীতি জোরদারের লক্ষ্যে এ সফরে যাচ্ছে প্রতিনিধিদলটি।
সফরকালে ঢাকা চেম্বারের বাণিজ্য প্রতিনিধিদলটি ২৫, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি যথাক্রমে আবুধাবি চেম্বার, দুবাই চেম্বার এবং শারজাহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা ও বিটুবি সেশনে অংশ নেবে। অনুষ্ঠিতব্য বিজনেস ম্যাচ মেকিং (বিটুবি) সেশনে অংশ নেওয়ার মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ পাবেন বাংলাদেশের উদ্যোক্তারা।
বিদেশে কর্মরত বাংলাদেশিদের মধ্যে ১৭ শতাংশ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। বহির্বিশ্বে বাংলাদেশিদের কর্মক্ষেত্র বিবেচনায় যা দ্বিতীয় বৃহত্তম। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ও ইউএইর মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছেছে এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের পরিধিও ক্রমাগত বাড়ছে।