সুখস্মৃতির রাওয়ালপিন্ডিতে আজ ভিন্ন কিছু করতে চায় বাংলাদেশ

রাওয়ালপিন্ডি স্টেডিয়াম বাংলাদেশের জন্য সুখস্মৃতি হয়ে আছে। এই মাঠেই কয়েক মাস আগে দুই টেস্টের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। আজ সোমবার সেই মাঠেই চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ম্যাচ হেরে যাওয়া টিম টাইগার আজ ভিন্ন কিছু করতে চায়।

পিচ রিপোর্ট অনুযায়ী, রাওয়ালপিন্ডিতে রানবন্যা হবে। গত ডিসেম্বরে টানা ঘরোয়া ক্রিকেটের খেলা হওয়ায় কিছুদিন আগপর্যন্তও পিন্ডির উইকেটে ঘাসের দেখা ছিল না, যা এখন অনেকটাই সবুজ। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ ফিল সিমন্সও সেই আশঙ্কা করলেন, ‘এটা বড় রানের মাঠ এবং সেটা আমরা কাল লাহোরেও দেখেছি। কাজেই বড় রান করাই লক্ষ্য আমাদের। রান করতে হবে তিন শর বেশি।’

বাংলাদেশের টপ অর্ডারর অবস্থা এখন করুণ। মিডল অর্ডারের শুরুতেও ব্যাটাররা রান পাচ্ছেন না। তাই নিউজিল্যান্ড যদি আগে ব্যাট করে ৩০০–৩৫০ করে ফেলে, সেটা তাড়া করে জেতার ক্ষমতা কি শান্তদের আছে? সিমন্স বেশ আত্মবিশ্বাসী, ‘গত পাঁচটি ওয়ানডেতে আমরা কয়েকবারই তিন শর বেশি রান করেছি। কাজেই আমাদের তা করার সামর্থ্য আছে। সর্বশেষ ম্যাচে আমরা ভালো শুরু করিনি। যদি শুরুটা ভালো করি, আমরা তিন শর বেশি রান করতে পারব।’

আজকের ম্যাচের পরিকল্পনা, একাদশ নিয়ে সিমন্স বলেছেন, ‘আমরা ভিন্ন রকম অনেক কিছুই ভাবছি। প্রথমত, দেখতে হবে মাহমুদউল্লাহ ফিট কি না। এরপরই আমরা ঠিক করব, কীভাবে দলে ভারসাম্য আনা যায়। আজ (গতকাল) রাতে তার ফিটনেস টেস্ট হবে। কাজেই আজকের অনুশীলন শেষ হলে আরও কিছু বিষয় পরিষ্কার হবে। উইকেটসহ অন্যান্য বিষয়ও দেখতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত হবে অনুশীলনের পর।’