রাজধানীতে ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর এ্যালিফ্যান্ট রোডের একটি বাসা থেকে আনিকা মেহেরুন্নেসা সাহি (২৪) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে খবর পেয়ে নিউমার্কেট থানা পুলিশ ওই বাসা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

জয়পুরহাট সদর উপজেলার নতুনহাট গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে সাহি। বর্তমানে ৬৫ নং এ্যালিফ্যান্ট রোড মাকসুদুল টাওয়ারের অষ্টম তলায় ৮০৩ নম্বর ফ্লাটে থাকতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) বিরাজ মিস্ত্রী জানান, রাত সাড়ে এগারোটার দিকে খবর আসে এ্যালিফ্যান্ট রোডের ওই বাসায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাসাটিতে গিয়ে ফ্যানের সাথে ওড়না প্যাচানো গলায় ফাঁস দেওয়া ওই তরুণীকে দেখতে পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্টের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাহি। ওই ফ্ল্যাটে ৪ জন মিলে নিজেরা মেস করে থাকতেন। ফ্লাটের একটি রুমে একা থাকতেন সাহি। গতরাত ১১টার দিকে তার রুমের দরজা বন্ধ দেখে রুমমেটরা তাকে ডাকাডাকি করেন। রুমের ভেতর থেকে কোনো সারাশব্দ দেননি সাহি। এতে সন্দেহ হলে নিজেরাই রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন সাহি। সঙ্গে সঙ্গে তারা থানায় খবর দেন। 

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে প্রেমঘটিত কারণে প্রেমিকের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন তিনি। ঘটনার বিস্তারিত জানার জন্য বুটেক্সের এক শিক্ষার্থীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরবর্তীতে ঘটনার বিস্তারিত জানানো যাবে।