চট্টগ্রামে এতিম এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে নগরের চান্দগাঁও থানার গোলাম আলী নাজিরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন মো. হাসনাইন (২১) ও মো. আকবর (২৫)। দুজনের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। তবে তারা থাকেন চট্টগ্রাম শহরে।
পুলিশ জানায়, ঘটনার শিকার কিশোরীটি এতিম। চান্দগাঁও এলাকায় বোনের বাসায় থাকেন। গৃহকর্মীর কাজ করেন। প্রতিবেশি হাসনাইনের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) তাকে বাসার সামনে থেকে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয়। তাকে চান্দগাঁওয়ে আকবরের বাসায় আটকে রেখে তিন দিন ধরে একাধিকবার ধর্ষণ করে হাসনাইন।
ছাড়া পেয়ে রবিবার (২৩ ফেব্রুয়ারি) ওই কিশোরী চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুজনকে আসামি করে মামলা করেন।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন কিশোরীকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।