বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রাব্বির ঋণ মওকুফ

মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত মাগুরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বির ১০ লাখ টাকার ঋণ মওকুফের ঘোষণা দিয়েছে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব)।

গত শনিবার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড মাগুরা সদর উপজেলা শাখা আয়োজিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋণ মওকুফের ঘোষণা দেন আর্থিক প্রতিষ্ঠানটির ট্রেজারার নরেশ চন্দ্র বিশ্বাস।

মাগুরা আদর্শ কলেজ অডিটোরিয়ামে কালব লিমিটেড মাগুরা সদর উপজেলা শাখার চেয়ারম্যান মোহাম্মদ শাহাজান মৃধা বাবলুর সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ‘গ’ অঞ্চলের পরিচালক শেখ সহিদুল ইসলাম, মাগুরা সদর উপজেলা সমবায় কর্মকর্তা বিরাজ মোহন কু-, আদর্শ কলেজ অধ্যক্ষ শ্যামল কুমার বিশ্বাস সহ আরও অনেকে।

নরেশ চন্দ্র বিশ্বাস বলেন, আগস্ট আন্দোলনে নিহত হয়েছেন মেহেদী হাসান রাব্বি। তিনি এই আর্থিক প্রতিষ্ঠানের একজন সম্মানিত সদস্য ছিলেন। মৃত্যুর কয়েক মাস আগে তিনি ১০ লাখ টাকার ঋণ গ্রহণ করেন। কয়েক কিস্তি ঋণ পরিশোধ করলেও প্রতিষ্ঠানটির কাছে তার সর্বশেষ ঋণের পরিমাণ ৭ লাখ ৭৬ হাজার টাকা। বিগত সময়ে তিনি ঋণ খেলাপী না হওয়ায় মানবিক দিক বিবেচনায় তার বকেয়া ঋণের অর্থ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড মাগুরা সদর উপজেলা শাখার চেয়ারম্যান মোহাম্মদ শাহাজান মৃধা বলেন, মাগুরা সদর উপজেলা শাখার আবেদনের প্রেক্ষিতে কালব মিউচুয়াল এইড সার্ভিসেসের আওতায় মানবিক দিক বিবেচনায় নিহত রাব্বির বকেয়া ঋণ মওকুফ করা হয়েছে। এ জন্য কালব লিমিটেডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রসঙ্গত, গত বছরের ৪ আগস্ট সকালে মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মাগুরা শহরের ঢাকা রোড পারনান্দুয়ালী ব্রিজ এলাকায় গুলিতে নিহত হন জলা ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি। তিনি মাগুরা শহরের বরুণাতৈল গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে। মৃত্যুর কয়েক মাস আগে রাব্বি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।