শেরপুরের অর্থনৈতিক খাতকে শক্তিশালী করতে নতুন নতুন শিল্প কারখানা গড়ে তোলার লক্ষ্যে বিনিয়োগকারী খুঁজতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সঙ্গে শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার শেরপুর চেম্বার মিলনায়তনে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি মো. আরিফ হোসেন।
এ সময় প্রধান অতিথি ছিলেন বিডার ময়মনসিংহ বিভাগের পরিচালক জন কেনেডি জাম্বেল। মতবিনিময় সভায় বিডার কার্যক্রম এবং তাদের পক্ষ থেকে বিনিয়োগকারীদের সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়গুলো তুলে ধরেন বিডা ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।
মতবিনিময় সভায় শেরপুরের সম্ভাব্য শিল্প খাত নিয়ে বক্তব্য দেন চেম্বার নেতা ও ব্যবসায়ী আব্দুল আউয়াল চৌধুরী, মো. তৌহিদুর রহমান পাপ্পু, রফিক মজিদ, শেরপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ।
এ সময় চেম্বার অব কমার্সের পরিচালকদের মধ্যে মো. মহিউদ্দিন আহমেদ মামুন, আরিফুল কবির আপেল, বাবন সাহা, দেবানন্দ কর্মকার, চেম্বার সচিব হারুন অর রশিদসহ বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, শেরপুর অঞ্চলে কৃষিশিল্পের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।