ঢাবি ছাত্রীর ঝুলন্ত লাশ, বুটেক্স শিক্ষার্থী আটক

রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি ছাত্রীনিবাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আনিকা মেহেরুন নেছা। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নিউ মার্কেট থানার ওসি মহসিন উদ্দিন। তিনি বলেন, ‘এ ঘটনায় আমরা একজন সন্দেহভাজনকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

গত রবিবার রাত ২টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকার মাকসুদ ভবনের অষ্টম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, মরদেহটি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নিহত ছাত্রীর নাম আনিকা মেহেরুন নেছা। তিনি ঢাবির দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি নওগাঁ জেলার বদলগাছী উপজেলায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নিউ মার্কেট থানার এসআই বিরাজ মিস্ত্রি বলেন,  প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আমরা সন্দেহভাজন একজনকে আটক করেছি এবং তদন্ত অব্যাহত রয়েছে।