আওয়ামী লীগ সরকারের আমলে খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) টেন্ডারবাজি, উন্নয়নকাজে ভাগ-বাটোয়ারা, কমিশন বাণিজ্যসহ অনিয়ম-দুর্নীতি তদন্তে নথি তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পক্ষ থেকে গত ২৩ ফেব্রুয়ারি এসব নথি চাওয়া হয়।
চিঠিতে করপোরেশনের অপসারিত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক দায়িত্ব থাকাকালে ঠিকাদারি প্রতিষ্ঠান সাঈদ এন্টারপ্রাইজ, টুটুল অ্যান্ড কোং, রোজা এন্টারপ্রাইজ, শহীদ এন্টারপ্রাইজ ও রহমান অ্যান্ড ব্রাদার্স নামক প্রতিষ্ঠানগুলোর নামের যে ঠিকাদারি কাজ হয়েছে তার যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। একই সঙ্গে ঠিকাদারি কাজের তদারকি ও বিল প্রদানের সঙ্গে সংশ্লিষ্ট প্রকৌশলীদের নাম, পদবি, বর্তমান কর্মস্থল, বর্তমান-স্থায়ী ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্রের নম্বর চাওয়া হয়েছে। চিঠিতে ২০১৮ সালের আগস্ট থেকে ২০২৪ সাল পর্যন্ত কেসিসির কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করা ব্যক্তিদের বিস্তারিত তথ্যও চাওয়া হয়েছে।
এর আগে তালুকদার আবদুল খালেক ও তার স্ত্রী হাবিবুন নাহারের আয়কর রিটার্ন, কর নির্ধারণী আদেশসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্রে ছাপালিপিসহ মেসার্স হোসেন ট্রেডার্স, আজাদ ইঞ্জিনিয়ার্স ও মেসার্স তাজুল ইসলাম নামের তিনটি প্রতিষ্ঠানের যাবতীয় নথি তলব করে দুদক। এ ছাড়া এইচএম সেলিমের প্রতিটি কাজ ও পরিশোধিত বিলের পরিমাণ, খালিশপুর ১৮ নম্বর রোড উন্নয়নসংক্রান্ত কাজের দরপত্রসংক্রান্ত সব রেকর্ড এবং সাবেক মেয়র হিসেবে দায়িত্বকালে গাড়ির লগ বই চাওয়া হয়।