৪ দিন আগেই চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রানের কীর্তি গড়েছিলেন ইংলিশ ওপেনার বেন ডাকেট। আজ তার চোখের সামনেই ৩ বল কম খেলে সেই কীর্তি নিজের করে নিলেন আফগানিস্তান ওপেনার ইবরাহিম জাদরান। ১৪০তম বলে ছক্কা হাঁকিয়ে ডাকেটকে ছাপিয়ে যান তিনি। শেষ ওভারের প্রথম বলে ১৪৬ বলে ১৭৭ রান করে আউট হন ইবরাহিম। আসরে টিকে থাকার ম্যাচে ৭ উইকেটে ৩২৫ রান তুলেছে আফগানিস্তান।
লাহোরের এই গাদ্দাফি স্টেডিয়ামেই গত ২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৩ বলে ১৬৫ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেছিলেন বেন ডাকেট। তার ক্যারিয়ারসেরা এই ইনিংসটিই চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চের কীর্তি ছিল। ৪ দিন যেতেই সেই কীর্তি এখন ইবরাহিম জাদরানের।
৩৭ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা আফগানিস্তানও ৩০০’র বেশি পুঁজি পেয়েছে ইবরাহিমের এ কীর্তিময় ইনিংসের কল্যাণে। ১০৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন জাদরান। পরের ৪০ বলে করেন ৭৭ রান। ইনিংসে ১২টি চার ও ৬টি ছক্কা হাঁকান তিনি। এটি তার ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি।