মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২১৬ সদস্যের কমিটি ঘোষণা

মুন্সীগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার সকালে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল সাক্ষরে এই কমিটির অনুমোদন করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে তা ঘোষণা করা হয়।

এ কমিটির মেয়াদ হবে ৬ মাস। জেলার ৬টি উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মীরা এ কমিটিতে ঠাঁই পেয়েছেন।

ঘোষিত এ কমিটিতে জেলার সিরাজদীখান উপজেলার জাকারিয়া আহমেদ সাদকে আহ্বায়ক ও টঙ্গীবাড়ি উপজেলার জাহিদ হাসানকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া সদর উপজেলার মাহমুদুল হাসান নীরবকে কমিটির মুখ্য সংগঠক ও লৌহজং উপজেলার অবন্তিকা দাস কংকাকে মুখপাত্র করা হয়।