পাকিস্তানের কোচ হয়ে অপমানিত হতে চান না ওয়াসিম আকরাম

আরেকটি ব্যর্থ আইসিসি টুর্নামেন্ট শেষ করল পাকিস্তান। প্রতিবার টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর দেশটির ক্রিকেটে ব্যাপক রদবদল ঘটে। এবার এখনো শুরু না হলেও হতে কতক্ষণ? এদিকে কিংবদন্তি ওয়াসিম আকরামকে পাকিস্তানের কোচ হিসেবে দেখতে চাইছেন অনেকে। কিন্তু মোটেও নিজ দেশের কোচ হতে রাজি নন ওয়াসিম আকরাম!

টেন স্পোর্টসে ‘ডিপি ওয়ার্ল্ড ড্রেসিংরুম শো’তে ওয়াসিম বলেছেন, ‘লোকজন এখনো মাঝেমধ্যে আমার সমালোচনা করে বা আমার পেছনে লাগে এই বলে যে, আমি শুধু কথাই বলে যাই; কাজের কাজ কিছুই করি না। পাকিস্তানের কোচ হওয়ার কথা ভাবলেই ওয়াকারের কথা মনে পড়ে। কোচ হওয়ার পর তাকে কয়েকবার বরখাস্ত করা হয়েছে। আপনারা তাকে অসম্মান করেছেন। এটা সহ্য করব না।’

সেই অনুষ্ঠানে ওয়াসিমের পাশেই বসে ছিলেন ওয়াকার ইউনিস। একসময়ের দুনিয়া কাঁপানো পেস জুটি ছিলেন ওয়াসিম-ওয়াকার। সতীর্থের অপমান সহ্য করতে পারেননি ওয়াসিম। তবে তিনি বিনা পয়সায় পাকিস্তানের ক্রিকেটকে সাহায্য করতে চান, ‘আমি পাকিস্তান ক্রিকেটকে সাহায্য করতে চাই। এ জন্য আমাকে টাকা দিতে চাচ্ছেন কেন? আমি বিনা পয়সায় কাজ করব।’

‘সুলতান অব সুইং’ খ্যাত ওয়াসিম আকরাম আরও বলেন, ‘আপনারা যদি কোনো ক্যাম্পের আয়োজন করেন এবং সেখানে আমাকে চান, আমি থাকব। বড় টুর্নামেন্টের আগে আপনারা যদি আমাকে ক্রিকেটারদের সঙ্গে সময় কাটাতে বলেন, আমি সেটাও করব। কিন্তু বয়স এখন ৫৮ বছর। এই বয়সে আপনারা আমাকে যেভাবে অপমান করবেন, তা আমি নিতে পারব না। এত ধকল নিয়ে আমি জীবন কাটাতে পারব না।’