অস্ট্রেলিয়া দলে আবারও চোটের হানা

আপডেট : ০১ মার্চ ২০২৫, ১১:২৫ এএম

ইনজুরির কারণে প্রথম সারির বেশ কয়েকজন ক্রিকেটার ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গিয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু চোট তাদের পিছু ছাড়ছে না। গতকাল শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন ম্যাথু শর্ট। এখন পর্যন্ত যা খবর, সেমিফাইনালে তার খেলা হচ্ছে না।

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং করার সময় দৌড়াতে সমস্যা হচ্ছিল শর্টের। সেই অবস্থায় ১৫ বলে ২০ রান করে আউট হয়ে যান। পরে জানা যায়, তার পায়ের পেশিতে টান লেগেছে। ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয় পাওয়া ম্যাচে শর্ট ৬৩ রান করেছিলেন। এবার সেমিফাইনালে শর্ট খেলতে না পারলে সেই জায়গায় জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক অথবা অ্যারন হার্ডিকে খেলাতে পারে অস্ট্রেলিয়া।

আফগানিস্তানের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় অস্ট্রেলিয়া সেমিফাইনালে পৌঁছে গেছে। ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ বলেছেন, ‘শর্টের দৌড়াতে সমস্যা হচ্ছে। খুব ভালোভাবে খেলতে পারছে না। পরের ম্যাচের আগে সুস্থ হওয়া কঠিন হবে বলেই মনে হচ্ছে।’

এদিকে আফগানিস্তানের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা এখনো অফিসিয়ালি শেষ হয়ে যায়নি। আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার তিন পয়েন্ট করে আছে। আজ শনিবার যদি ইংল্যান্ডের কাছে দক্ষিণ আফ্রিকা বড় ব্যবধানে হেরে যায়, তাহলে নেট রানরেটের হিসেবে আফগানদের সেমিতে ওঠার সম্ভাবনা আছে। যদিও সেটার সম্ভাবনা খুবই কম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত