‘ভারতের কারণে তোমাদের বেতন হয়’ –সমালোচকদের ধুয়ে দিলেন গাভাস্কার

ভারতের আপত্তিতে চলমান চ্যাম্পিয়নস ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। আয়োজক পাকিস্তান হলেও ভারত তাদের সব ম্যাচ খেলছে দুবাইয়ে। এতে তারা বাড়তি সুবিধা পাচ্ছে বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক দুই অধিনায়ক ও ধারাভাষ্যকার নাসের হুসেইন এবং মাইক আথারটন। এবার তাদের বক্তব্যের পাল্টা জবাব দিলেন ভারতের কিংবদন্তি ওপেনার সুনিল গাভাস্কার।

রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানের মাটিতে গিয়ে খেলতে নারাজ ছিল ভারত। তাই ভারতের ম্যাচগুলো হচ্ছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সুতরাং ভারতকে কোনো ভ্রমণ করতে হচ্ছে না। অন্য ভেন্যু নিয়ে ভাবতে হচ্ছে না। দুবাইয়ের কন্ডিশনকে কেন্দ্র করেই তারা স্কোয়াড তৈরি করেছে। নাসের এবং আথারটনের বক্তব্যের পর দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ব্যাটসম্যান রেসি ফন ডার ডুসেনও একই মন্তব্য করেছেন।

ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে জবাব দিয়েছেন গাভাস্কার। চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে যাওয়া ইংল্যান্ডকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তারা সবাই জ্ঞানী এবং অভিজ্ঞ। তোমাদের দল যে (সেমিফাইনালে) উঠতে পারল না, সে দিকে নজর দিচ্ছ না কেন? আমি তোমাদের এই প্রশ্নটাই করছি। সারাদিন ভারতের কথা না ভেবে তোমরা কি নিজেদের দিকে তাকিয়েছ? তোমাদের দলের ছেলেদের মানসিক অবস্থা এমনই যে, তারা ফলাফল নিয়ে মাথা ঘামায় না!’

ভারতের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘তোমাদের ফলাফল নিয়ে মাথা ঘামাতে হবে। তোমাদের দেশ নিয়ে মাথা ঘামাতে হবে। যে দলের জন্য খেলছ তাদের নিয়ে মাথা ঘামাতে হবে। বরং ওই দায়িত্বটা আরও বড়। সব সময়ই দেখি তারা হা হুতাশ করে যে- “ভারত এটা করেছে, ভারত ওটা করেছে”…. এটা লাগাতার চলতে থাকে। আমাদের এখন এসব অগ্রাহ্য করার সময় এসেছে। তারা হা হুতাশ করুক। আমাদের মনোযোগ দেওয়ার আরও ভালো জিনিস আছে।’

ভারত এখন ক্রিকেটের সবচেয়ে বড় বাজার। সেই প্রসঙ্গ টেনে গাভাস্কার বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ভারত এখন মানের দিক থেকে, আয়ের দিক থেকে, প্রতিভার দিক থেকে, বিশেষ করে অর্থ আয়ের দিক কোন জায়গায় আছে, সেটা তাদের ধারণাতেই নেই। টেলিভিশনের সম্প্রচার স্বত্ব এবং মিডিয়া থেকে প্রাপ্ত আয়ের মাধ্যমে বৈশ্বিক ক্রিকেটে ভারতের বড় অবদান রয়েছে। তাদের বোঝা দরকার, বিশ্ব ক্রিকেটে ভারতের যে অবদান তার ওপরে তাদের বেতন নির্ভর করে।’