১৭৯ রানে শেষ ইংল্যান্ড, ম্যাচ শেষের আগেই সেমিতে প্রোটিয়ারা

অধিনায়ক হিসেবে শেষ ম্যাচটি খেলতে নেমেছিলেন জস বাটলার। চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিশ্চিত হয়ে যাওয়ার অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। শেষ ম্যাচে ইংল্যান্ডের জ্বলে ওঠার বদলে ঘটলো বিপরীত ঘটনা। নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৮.২ ওভারে ১৭৯ রানেই গুটিয়ে গেছে ইংলিশরা।

তাতে বিদায় নিশ্চিত হয়ে গেছে আফগানিস্তানেরও। ম্যাচ শেষ করার আগেই ‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় সেমিফাইনালিস্ট হিসেবে দক্ষিণ আফ্রিকা উঠলো পরের ধাপে। এখন ম্যাচের ফলের ওপর নির্ভর করবে প্রোটিয়ারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে কি না।

করাচিতে ইংল্যান্ডের ব্যাটিংয়ে শুরুতে ধস নামান মার্কো ইয়ানসেন। তিনি শিকার ধরেন তিনটি। আর এতো অল্প রানে বেঁধে ফেলার ক্ষেত্রে উইয়ান মুলডার তিনটি ও কেশব মহারাজ দুটি উইকেট পান। একটি করে উইকেট নেন লুংগি এনগিডি ও কাগিসো রাবাদা।

সর্বোচ্চ ৩৭ রান করেন জো রুট। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন জোফরা আর্চার। ওয়ানডে অধিনায়ক হিসেবে বিদায়ী ম্যাচে ৪৩ বলে ২১ রান করেন বাটলার। আগের দুই ম্যাচের মতোই ব্যর্থ হয়েছেন ফিল সল্ট, জেমি স্মিথ ও হ্যারি ব্রুক।