অধিনায়ক হিসেবে শেষ ম্যাচটি খেলতে নেমেছিলেন জস বাটলার। চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায়ের ব্যর্থতায় অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তার শেষ ম্যাচে ইংল্যান্ডের জ্বলে ওঠার বদলে ঘটলো বিপরীত ঘটনা। নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরে একেবারে খালি হাতেই এবারের চ্যাম্পিয়নস ট্রফি থেকে ফিরতে হচ্ছে ইংল্যান্ডের।
করাচির এ ম্যাচেও ইংলিশ ব্যাটসম্যানরা ছিলেন নিজেদের ছায়া হয়ে। ৩৮.২ ওভারে ১৭৯ রানেই গুটিয়ে যাওয়া সেটিরই প্রমাণ। সর্বোচ্চ ৩৭ রান করেন জো রুট। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন জোফরা আর্চার। ওয়ানডে অধিনায়ক হিসেবে বিদায়ী ম্যাচে ৪৩ বলে ২১ রান করেন বাটলার। আগের দুই ম্যাচের মতোই ব্যর্থ হন ফিল সল্ট, জেমি স্মিথ ও হ্যারি ব্রুক। শুরুতে ধস নামান মার্কো ইয়ানসেন। তিনি শিকার ধরেন তিনটি। আর শেষে উইয়ান মুলডার তিনটি ও কেশব মহারাজ দুটি উইকেট পান। বাটলারের অধীনে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। পরের আসরে খেলে সেমিফাইনাল। কিন্তু ২০২৩ বিশ্বকাপের মতো ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়নস ট্রফিতেও গ্রুপ পর্ব থেকেই ঝড়ে যেতে হলো দেশটিকে।
১৮০ রান তাড়ায় টানা ফিফটি পান রাসি ফন ডার ডুসেন। অপরাজিত থাকেন ৮৭ বলে ৭২ রানে। আসরে প্রথম ম্যাচ খেলতে নেমে ১১ চারে ৫৬ বলে ৬৪ রানের ইনিংস খেলেন হেইনরিখ ক্লাসেন। আর্চার শিকার ধরেন দুটি। এ জয়ে ‘বি’ গ্রুপের সেরা হয়ে সেমিফাইনালে উঠলো দক্ষিণ আফ্রিকা।