ক্রিকেট কিংবদন্তি স্যার ভিভিয়ান রিচার্ডস মনে করেন, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের সূচী নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির জবাব আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকেই (আইসিসি) দিতে হবে। বিশেষ করে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোর কেন দুবাই গিয়ে জানতে হবে তারা সেমিফাইনালে কাদের মুখোমুখি হবে—এ প্রশ্নের ব্যাখ্যা চেয়েছেন ক্যারিবিয়ান গ্রেট।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পর শুক্রবার রাতে করাচি থেকে দুবাই উড়ে গেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে গ্রুপ ‘বি’-এর শীর্ষস্থান নিশ্চিত করে এবং তারাও শনিবার গভীর রাতে দুবাই যায়।
এই জটিলতা তৈরি হয়েছে ভারতের সব ম্যাচ দুবাইতে আয়োজনের কারণে। রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ম্যাচের পরই চূড়ান্ত হবে অস্ট্রেলিয়া কার বিপক্ষে নামবে—নিউজিল্যান্ড নাকি দক্ষিণ আফ্রিকা? যে দলটি ভারতের বিপক্ষে খেলবে না, তাদের আবার পাকিস্তানে ফিরে যেতে হবে।
এই বিতর্ক নিয়ে কথা বলতে গিয়ে ভিভ রিচার্ডস বলেন, 'লোকজন হয়তো বলতেই পারে যে এর পেছনে রাজনীতি কাজ করছে। আমি অবশ্য রাজনৈতিক দিক নিয়ে বেশি কিছু বলতে চাই না। তবে আইসিসির উচিত ব্যাখ্যা দেওয়া যে কেন এমনটা হচ্ছে?'
তিনি আরও বলেন, 'আইসিসি যদি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা হয়, তাহলে তারা কেন এমন পরিস্থিতি তৈরি হতে দিল? আমি বিশ্বাস করি, খেলাধুলাই এমন একটি মাধ্যম যা সবাইকে—ভক্তদের, খেলোয়াড়দের এমনকি প্রতিদ্বন্দ্বীদেরও একত্রিত করতে পারে।'