রায়পুর

বিকালে কমিটি ঘোষণা, রাতে যুবদলের দু’পক্ষের পাল্টাপাল্টি মিছিল-সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক কমিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দুই কমিটির সদস্যসচিবসহ অনেক নেতা রাজনীতিতে ‘অনভিজ্ঞ ও অনিয়মিত’দের নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে বলে কমিটি বাতিলের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা কমিটি বয়কটের ঘোষণা দিয়েছেন।

শনিবার বিকেলে কমিটিকে স্বাগত জানিয়ে একাংশ ও রাত ৮টার দিকে বিপক্ষে অপর অংশ কমিটি বাতিলের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছে। এরপর রাতেই পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে দুপক্ষ।

আকবর হোসেনকে রায়পুর উপজেলা যুবদলের আহ্বায়ক ও হাবিবুর রহমানকে সদস্যসচিব করে ২৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এ ছাড়া নুর এ হেলাল ওরফে মামুনকে পৌর যুবদলের আহ্বায়ক ও জাহিদ মোহাম্মদকে সদস্যসচিব করে ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় জেলা কমিটি।

রাত সাড়ে ১০টার দিকে উপজেলা যুবদলের সদস্যসচিব হাবিবুর রহমান ও পৌর যুবদলের সদস্যসচিব জাহিদ মোহাম্মদের নেতৃত্বে কমিটি বয়কট করে বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করে। এসময় উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবগদল, তাতীদলসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হাবিবুর রহমান বলেন, ‘যারা বিগত দিনে ধানের শীষের নির্বাচন না করে আওয়ামী লীগের প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তাদের নিয়ে এই কমিটি করা হয়েছে। উপজেলা কমিটির আহ্বায়ক আকবর হোসেন ঠিকাদারি করেন। তিনি গত ১৭ বছর আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ঠিকাদারি নিয়ে ব্যস্ত ছিলেন। পৌর কমিটির আহ্বায়ক নুর এ হেলাল পৌরসভার চাকরিজীবী। এ ছাড়া কয়েকজন প্রবাসে ছিলেন। এসব ব্যক্তিদের দিয়ে কমিটি ঘোষণার কারণে আমরা বয়কট করেছি। একই সঙ্গে কমিটি বাতিলের দাবি জানিয়েছি।’

রাত সাড়ে ১১টার দিকে উপজেলা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ও পৌর যুবদলের আহ্বায়ক নুর এ হেলাল পাল্টা সংবাদ সম্মেলন করেন। এ সময় তারা বলেন, তাদের সম্পর্কে ভুল তথ্য দিয়ে ষড়যন্ত্র ও মিথ্যাচার করা হচ্ছে। তাঁরা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ও দলের জন্য নিবেদিত। ত্যাগী নেতাদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে বলে দাবি তাদের।

এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি ও সম্পাদকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। এ কারণে এই বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।