ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় অন্তঃসত্ত্বার মৃত্যুর অভিযোগ

বগুড়ায় ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় রোখসানা আক্তার নামে এক অন্তঃসত্ত্বার মৃত্যুর অভিযোগ উঠেছে। গত শনিবার রাত ১১টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকায় এনাম ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। এ সময় রোখসানার স্বজনরা ওই প্রতিষ্ঠানের সাইনবোর্ড এবং দরজা ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মারা যাওয়া রোখসানা জেলার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া গ্রামের রুবেল হোসেনের স্ত্রী।

রোখসানার ভাই সাফিউল ইসলাম বলেন, ‘শনিবার বেলা ১১টার দিকে রোখসানার প্রসব ব্যথা ওঠে। তখন তাকে এনাম ক্লিনিকে নিয়ে যাওয়া হয় এবং ক্লিনিক কর্তৃপক্ষের পরামর্শে ভর্তি করানো হয়। কিন্তু সেখানে কোনো চিকিৎসক ছিলেন না। ক্লিনিক কর্তৃপক্ষের ভাষ্য ছিল, রোগীর ব্যথা আরও বাড়ুক। ডাক্তার কিছুক্ষণ পর আসবেন। এসব কথা বলে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া হয়।’

সাফিউল আরও বলেন, রোগী ভর্তির প্রায় ১২ ঘণ্টা পর ক্লিনিকে ডাক্তার উপস্থিত হন। কিন্তু রোগীর অবস্থা ভালো না থাকায় তাকে চিকিৎসার জন্য অন্যত্র নিতে বলা হয়। পরে রোখসানাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তাদের কাউকে পাওয়া যায়নি।