হিলিতে সুলভমূল্যে টিসিবির পণ্য পেয়ে মানুষ খুশি

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে নিম্ন আয়ের মানুষের জন্য স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভমূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। খোলাবাজারের চেয়ে কম দামে তেল, ডাল ও চাল পেয়ে দারুণ খুশি নিম্ন আয়ের মানুষ।

গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় হিলি বাজারের খাদ্যগুদাম মোড়ে টিসিবির এই পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী কামাল হোসেন।

টিসিবির পণ্য নিতে আসা আফজাল হোসেন বলেন, ‘বাজারে তো চাল, ডাল, তেলের দাম ঊর্ধ্বমুখী। সরকার আমাদের মতো মানুষের কথা বিবেচনা করে টিসিবির মাধ্যমে কম দামে পণ্য বিক্রি শুরু করেছে। এর ফলে আমরা বাজার মূল্যের চেয়ে কম দামে পণ্য কিনতে পারছি। এতে আমরা যারা গরিব, খেটে খাওয়া মানুষ রয়েছি তাদের জন্য বেশ সুবিধা হয়েছে। যেহেতু রমজান মাস শুরু হয়ে গেছে তাই যদি ছোলা ও খেজুর দেওয়া হতো তাহলে আরও ভালো হতো।’ 

অপর কার্ডধারী নূর আলম বলেন, ‘বাজারে তো নিত্যপ্রয়োজনীয় পণ্য বিশেষ করে তেল, চাল, ডাল এসবের দাম বেশি। কিন্তু টিসিবির মাধ্যমে কম দামে পণ্য দেওয়ায় আমরা যারা নিম্ন আয়ের মানুষ রয়েছি তারা খেতে পারছি।’ গতবার ৪৭০ টাকা প্যাকেজ মূল্যে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল, ১শ টাকা লিটার দরে ২ লিটার করে সয়াবিন তেল, ৬০ টাকা কেজি দরে ২ কেজি করে মসুর ডাল দিয়েছিল। এবারে নতুন করে চিনি যোগ করায় প্যাকেজ মূল্য বাড়িয়ে ৫৪০ টাকা করেছে, যার কারণে একটু সুবিধা হয়েছে আমাদের। তবে যেহেতু রমজান মাস তাই ছোলা দিলে আমাদের জন্য আরও একটু বেশি ভালো হতো।’  

হাকিমপুর উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী কামাল হোসেন বলেন, সারা দেশের মতো আজ (গতকাল রবিবার) হাকিমপুর উপজেলায় টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। রবিবার পৌরসভার ১, ২, ৬ এই তিনটি ওয়ার্ডের স্মার্টকার্ডধারী ব্যক্তিদের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। এবার ৫৪০ টাকা প্যাকেজ মূল্যে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি করে চাল, ৬০ টাকা কেজি দরে ২ কেজি করে মসুর ডাল, ১শ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন তেল, ৭০ টাকা কেজি দরে ১ কেজি চিনি দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে পুরো উপজেলার স্মার্টকার্ডধারী ৭ হাজার ৩৮ জনের মধ্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই পণ্য বিক্রি করা হবে।