৭০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর মাধ্যমে ক্যাপিটাল বেস বাড়াল ব্র্যাক ব্যাংক। ব্যাসেল-৩ গাইডলাইন অনুযায়ী এ বন্ড ইস্যু সম্পন্ন হয়েছে। সাম্প্রতিককালে ব্র্যাক ব্যাংক নিজেদের ব্যালান্স শিটে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করায় এ বন্ডটি ব্যাংকটির ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রিকোয়ারমেন্ট পূরণে সহায়তা করবে। এ অতিরিক্ত মূলধন ব্যাংকের ব্যালান্স শিটকে আগের তুলনায় আরও দ্রুতগতিতে বৃদ্ধি করতে অবদান রাখবে। ব্যাংকটির এমন উদ্যোগ বাংলাদেশের বন্ড মার্কেটের উন্নয়নেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এ বন্ডে বিনিয়োগের জন্য গ্রাহকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ করেছে ব্র্যাক ব্যাংক। ৬৬৩ স্বতন্ত্র বিনিয়োগকারী এ দীর্ঘমেয়াদি সাব-অর্ডিনেটেড বন্ডে বিনিয়োগ করেছেন, যাদের মধ্যে রয়েছেন ৫৬৭ জন ব্যক্তি। স্থানীয় ও আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সি থেকে সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত এবং দেশের অন্যতম শক্তিশালী ব্যাংকের ইস্যু করা বন্ড হওয়ায় এ বন্ডে বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে আত্মবিশ্বাসী ছিলেন।
বন্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন হওয়ার বিষয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘অর্থের নিরাপদ ও সুরক্ষিত আশ্রয়স্থল হিসেবে ব্র্যাক ব্যাংক বছরের পর বছর ধরে গ্রাহক এবং বিনিয়োগকারীদের বিশ্বাস ও আস্থা অর্জন করে চলছে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান কর্তৃক সাব-অর্ডিনেটেড বন্ডে বিনিয়োগ এ আস্থারই প্রতিফলন। এজন্য আমরা বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা, আমাদের সহকর্মী এবং এ সফলতার সঙ্গে জড়িত সব স্টেকহোল্ডারের প্রতি ধন্যবাদ জানাই।’ বিজ্ঞপ্তি