ঝিনাইদহের শৈলকুপায় অগ্নিকান্ডে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন বিএনপির কার্যালয় পুড়ে গেছে। গত রবিবার গভীর রাতে উপজেলার কাজীপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ২টার দিকে বাজারের সেলিমের মুদি দোকানে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুরোপুরি পুড়ে যায় সেলিমের মুদি দোকান, রওশন জামানের সার ও কীটনাশকের গুদাম এবং ইউনিয়ন বিএনপির কার্যালয়।
শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।