ভারতের কারণে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। আজ মঙ্গলবার প্রথম সেমিফাইনালে দুবাইয়ে ভারতের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। আগামীকাল বুধবার দক্ষিণ আফ্রিকা আর নিউজিল্যান্ড খেলবে দ্বিতীয় সেমিফাইনাল। কিন্তু এই সেমিফাইনাল ম্যাচ নিয়ে অনিশ্চয়তার কারণে টেম্বা বাভুমার দলকে পাকিস্তান-দুবাই-পাকিস্তান টানা ভ্রমণ করতে হয়েছে।
গ্রুপ পর্বে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের আগে সেমিফাইনালে কার বিপক্ষে কোন দল খেলবে সেটা নির্ধারিত হয়নি। তাই গত ১ মার্চ দুবাইয়ে যায় অস্ট্রেলিয়া। পরদিন দক্ষিণ আফ্রিকা দলও দুবাইয়ে পাড়ি জমায়। কারণ, ভারতের প্রতিপক্ষ হলে তাদের দুবাইয়েই খেলতে হবে। শেষ পর্যন্ত ভারতের প্রতিপক্ষ হয়েছে অস্ট্রেলিয়া। তাই প্রোটিয়াদের আবারও দুবাই থেকে ফিরতে হয়েছে পাকিস্তানে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ১৮ ঘণ্টার মধ্যে পাকিস্তান-দুবাই-পাকিস্তান ভ্রমণ করতে হয়েছে প্রোটিয়াদের। তবে হেনরিখ ক্লাসেন এই বিমানযাত্রা নিয়ে খুব একটা চিন্তিত নন, ‘শরীরের জন্য এই যাতায়াত হয়তো খুব স্বস্তির ছিল না, তবে আমরা বিশ্রাম নেওয়ার সময় পেয়েছি। আগে থেকেই জানতাম যে, দুটি দলকে দুবাই যেতে হবে। তবে এই ১৮ ঘণ্টা সত্যিই খুব কঠিন ছিল। এত ভ্রমণ আগে খুব বেশি করিনি।’
বুধবার লাহোরে মুখোমুখি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। তাই ভ্রমণক্লান্তি ঝেরে ফেলে ক্লাসেনরা ম্যাচ নিয়েই ভাবছেন, ‘পেশাদার ক্রিকেটে এমনটা হয়েই থাকে। এটা নিয়ে বেশি বলতে চাই না। আমাদের সব মনোযোগ ম্যাচ ঘিরে। লাহোরে বেশ ঠান্ডা। তাই মনে হয় বল সুইং করবে। এখানে খেলার জন্য স্কিলের প্রয়োজন। তবে ব্যাট করার জন্য পাকিস্তান সত্যিই ভালো জায়গা।’