লাখাইয়ে সংঘর্ষে আহত ৬০

হবিগঞ্জের লাখাইয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী ওঠা-নামাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই দফা সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হন।

গতকাল মঙ্গলবার সকালে উপজেলার সিংহগ্রামের মাইজহাটি ও দাইরল এলাকার বাসিন্দাদের মধ্যে দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।

স্থানীয়রা জানান, সোমবার ইফতারের আগে লাখাই উপজেলার বুল্লা বাজারে টমটমে যাত্রী ওঠা-নামাকে কেন্দ্র করে দাইরল এলাকার চালক মিলন মিয়া ও মাইজহাটির যাত্রী তৌহিদ তালুকদারের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে আহত হন অন্তত ১০ জন।

মঙ্গলবার সকালে দুপক্ষের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে জড়ায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

লাখাই থানার ওসি বন্দে আলী জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে।