মুন্সীগঞ্জে ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জে ৩টি আসনের পরিবর্তে ৪টি আসন করার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর করা হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৭ সালের আগে মুন্সীগঞ্জের ৬টি উপজেলা নিয়ে ৪টি আসন ছিল। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ জেলায় ৩টি আসন করা হয়। আমরা আগের মতো ৪টি সংসদীয় আসন পুনর্বহাল চাই।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শহরের মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে জেলা সচেতন নাগরিকদের ব্যানারে এ মানববন্ধন করা হয়। এ সময় শতাধিক মানুষ গণস্বাক্ষর করেন।  মানববন্ধন শেষে ৪টি আসন করার দাবি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর গণস্বাক্ষর সংবলিত একটি আবেদনপত্র জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের কাছে জমা দেওয়া হয়।