নোয়াখালীতে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে সোনাইমুড়ী উপজেলার ইসলামগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.আছাদুল ইসলাম।
জানা গেছে, অভিযানে ৮৫২ টাকার ৫ লিটারের সয়াবিন তেল ১০০০ টাকায় বিক্রি করায় মেসার্স হাজী এন্তাজুল হক এন্ড সন্সকে ১০ হাজার টাকা, প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করায় মেসার্স মালেক স্টোরকে ৩ হাজার, বেশি দামে মুরগি বিক্রয় করায় মেসার্স আধুনিক পোল্ট্রি ফার্মকে ৫ হাজার, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ভাউচার সংরক্ষণ না করায় মেসার্স খোকনের মুরগির দোকানকে ৩ হাজার এবং মেসার্স জলিলকে ৩ হাজারসহ মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.আছাদুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একই সাথে অন্যদের সতর্ক করা হয়। অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্স টিমের একদল সদস্য উপস্থিত ছিলেন। এতে সহযোগিতা করেন জেলা ব্যাটালিয়ন আনসারের একটি টিম।