জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ১৯টি প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার ( ৫ মার্চ) ভোক্তা অধিকারের ৯টি টিম এ অভিযান পরিচালনা করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. সেলিমের নেতৃত্বে নগরীর দৌলতপুরের সোনাপট্টি বাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে ডুমুরিয়া উপজেলা সদরে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে সদর উপজেলার বিত্তিপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫০০ টাকা, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহম্মেদের নেতৃত্বে শ্রীপুর উপজেলার নাকোল বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মামুনুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার ডিঙ্গদাহ ও সারোজগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিমের নেতৃত্বে সদর উপজেলার চুড়ামনকাঠি বাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা, সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে সদর উপজেলার সরকারি কলেজ মোড় বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা, ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা ও নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে সদর উপজেলার মাইজপাড়া বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করা হয়েছে।
