পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক প্রতিবেদনে সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আগামী সপ্তাহ থেকেই এটি কার্যকর হতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি। পাকিস্তান ও আফগানিস্তানের পাশাপাশি অন্যান্য দেশও নিষেধাজ্ঞার তালিকায় থাকতে পারে। তবে সূত্রগুলো এ বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি। ২০১৬ সালে প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেন। তবে ২০২০ সালের নির্বাচনে জয়ের পরের বছর তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন নিষেধাজ্ঞাটি বাতিল করেন। এ ছাড়া ট্রাম্পের এই সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের বিবেকের ওপর দাগ হিসেবেও অভিহিত করেন তিনি। যদি ট্রাম্পের এই নিষেধাজ্ঞা কার্যকর হয় তাহলে এটির বড় প্রভাব পড়বে প্রায় দুই লাখ আফগানের ওপর। যারা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে পুনর্বাসিত হওয়ার জন্য নির্ধারিত হয়েছেন।