মুন্সীগঞ্জে গভীর রাতে আগুনে পুড়ে ছাঁই ৪ বসতঘর

মুন্সীগঞ্জের লৌহজংয়ে গভীর রাতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই গেছে ৪ টি বসতঘর। বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে জেলার লৌহজং উপজেলার কাজীর পাগলা গ্রামে এ আগুনের ঘটনা ঘটে।

এতে ওই গ্রামের ইউসুফ জামান, মাহাবুব আলম,মাহাফুস আলম ও আব্দুল রফিকের বসতঘর ভস্মিভূত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৩ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ধারণা গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন আলী জানান, স্থানীয়দের কাছ থেকে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান তারা। দুটি ইউনিয়ন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তার আগেই ৪ টি বসতঘরে পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।