মাঠে জঘন্য আচরণ করে আবারও বিতর্কে জড়িয়ে পড়লেন ভারতের জাতীয় নারী দলের অধিনায়ক হারমনপ্রীত কৌর। তবে আন্তর্জাতিক কোনো ম্যাচে নয়, মেয়েদের প্রিমিয়ার লিগে আম্পায়ারের একটি সিদ্ধান্তে অসন্তুষ্ট হারমনপ্রীত মেজাজ হারিয়ে প্রতিপক্ষ দলের সোফি একলেস্টোনের সঙ্গে বাজে আচরণ করেন। এই অপরাধে তাকে শাস্তি দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার হারমনপ্রীতের মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি হয়েছিল ইউপি ওয়ারিয়র্সের। ঘটনা ওয়ারিয়র্সের ইনিংসের শেষ ওভারের। ওই সময় স্লো ওভার রেটের দায়ে মুম্বাইকে পেনাল্টি দেওয়া হয়। সেই পেনাল্টি অনুযায়ী, মুম্বাইকে ৩০ গজের বৃত্তের বাইরে ৪জন ফিল্ডারের জায়গায় ৩ জন ফিল্ডার রাখতে হবে। আম্পায়ারের এই ঘোষণায় খুশি হতে পারেননি হারমনপ্রীত, তিনি তর্ক শুরু করেন।
মুম্বাইয়ের বোলার অ্যামেলিয়া কেরও এসময় অধিনায়কের সমর্থনে এগিয়ে আসেন। তখন নন স্ট্রাইকার প্রান্ত থেকে এগিয়ে আসেন ওয়ারিয়র্সের একলেস্টোন। তিনি আম্পায়ারের সঙ্গে কথা শুরু করতেই হারমনপ্রীত আরও রেগে যান। হাত নেড়ে আগ্রাসী মেজাজে তিনি একলেস্টোনকে মৌখিক আক্রমণ করেন। লেগে যায় তুমুল লড়াই! অনেক চেষ্টায় দুই আম্পায়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
হারমনপ্রীতের এই আচরণ ভালোভাবে নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ডব্লিউপিএলের আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গের অভিযোগে হারমনপ্রীতকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। আম্পায়ারদের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ এবং প্রতিপক্ষ ক্রিকেটারের সঙ্গে বাজে আচরণ লেভেল-১ অপরাধ। ম্যাচটিতে ব্যাট হাতেও ব্যর্থ হারমনপ্রীত করছেন মাত্র ৪ রান। অবশ্য তার দল জিতেছে ৬ উইকেটে।