মারমুখী ব্যাটিংয়ের জন্য সুপরিচিত ভারত অধিনায়ক রোহিত শর্মা। আরও আগেই ‘হিটম্যান’ উপাধি পেয়ে গেছেন। লাল বলের ক্রিকেটে টানা ব্যর্থতার পর গত মাসের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি করে স্বরূপে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে তিনি বড় ইনিংস খেলতে পারছেন না। সমস্যা সমাধানে রোহিতকে বিচক্ষণ হওয়ার পরামর্শ দিলেন সুনীল গাভাস্কার।
আগামী রবিবার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। টুর্নামেন্টে এখনও পর্যন্ত চার ম্যাচে রোহিতের রান মোটে ১০৪। স্বাভাবিকভাবেই তাকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গাভাস্কার বলেছেন, ‘সে গত দুই বছর ধরে অতি আক্রমণাত্বক ব্যাটিং করছে। কিছু সাফল্য পেয়েছে, যদিও তার সামর্থ্য অনুযায়ী পায়নি। সে অবিশ্বাস্য মেধাবী এক খেলোয়াড়, যার বিভিন্ন ধরনের শট খেলার সামর্থ্য আছে, যা অন্য অনেকের নেই।’
এই সমস্যা সমাধানে পরামর্শও দিয়েছেন ভারতের এই কিংবদন্তি ওপেনার, ‘দলের দৃষ্টিকোণ থেকে নয়, সুন্দর ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে, দর্শকদের আনন্দ দেওয়ার দৃষ্টিকোণ থেকে বলছি, যদি সে ২৫ ওভারও ব্যাট করে, তাহলে ভারতের রান হবে ১৮০ থেকে ২০০ এর কাছাকাছি। কল্পনা করুন, যদি তারা তখন মাত্র দু-একটি উইকেট হারায়; একবার ভাবুন, তারা কী করতে পারে, তারা ৩৫০ বা তার বেশি রান করতে পারে।’
চলতি আসরে রোহিতের স্ট্রাইক রেট ১০৭.২১। সর্বোচ্চ স্কোর ৩৬ বলে ৪১। রোহিতের ব্যাটিংয়ের ধরন নিয়ে শঙ্কিত গাভাস্কার, ‘বিষয়টা নিয়ে তাকেও ভাবতে হবে। মাঠে নেমেই আক্রমণাত্মক খেলা এক জিনিস, কিন্তু কোথাও না কোথাও ২৫-৩০ ওভার ব্যাট করার কিছুটা বিচক্ষণতা থাকতে হবে। এটা করলে প্রতিপক্ষের মুঠো থেকে সে ম্যাচ বের করে নিতে পারবে। এটাকেই বলে ম্যাচ জেতানো পারফরমেন্স। আর একজন ব্যাটসম্যান হিসেবে সে কি ২৫-৩০ রান করে খুশি? এটা হওয়া উচিত নয়।’
ভারত-নিউজিল্যান্ড ফাইনালে আম্পায়ার থাকছেন যারা
ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়কের তালিকায় বেন স্টোকস!
সুখবরের আশায় টিভির সামনে বসেছিলেন নেইমার