অন্তর্ভুক্তিমূলক প্রগতিশীল বাংলাদেশ সমর্থন করে ভারত

বাংলাদেশে সব ধরনের সংকটের সমাধানে অন্তর্ভুক্তি, অংশগ্রহণমূলক নির্বাচন এবং গণতান্ত্রিক উপায়ের ওপর জোর দিয়েছে ভারত। শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, ভারত স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশ সমর্থন করে। তবে একই সঙ্গে বাংলাদেশে ক্রমবর্ধমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। জয়সওয়াল বলেন, গুরুতর অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত সহিংস উগ্রপন্থিদের মুক্তি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে আরও তীব্র করে তুলেছে।

দুই দেশের কর্মকর্তারা সম্প্রতি কলকাতায় যৌথ নদী কমিশনের ৮৬তম বৈঠক করেছেন। বৈঠকে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তি পুনরায় নবায়নের বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা। আগামী বছর এই চুক্তি পুনর্নবায়ন করার কথা রয়েছে। জয়সওয়াল জানান, উভয়পক্ষ গঙ্গা পানিবণ্টন চুক্তি, পানির প্রবাহ পরিমাপ এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছে।

এদিকে, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, তারা আশা করছেন বাংলাদেশ কোনো ধরনের পার্থক্য না করেই হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ ও সহিংসতার সঙ্গে জড়িত সব অপরাধীর বিরুদ্ধে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে এবং তাদের বিচারের আওতায় আনবে।