এবার এএফপিকে নাহিদ

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন ‘সম্ভব নয়’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আবারও বলেছেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন ‘সম্ভব নয়’। গত বুধবার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। গতকাল শুক্রবার সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার আরেক আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেছিলেন, ‘অন্তর্বর্তী সরকার এখনো পুরোপুরি জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি এবং এ বছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হবে।’ তবে রয়টার্সে দেওয়া সাক্ষাৎকারের বিষয়ে গতকাল বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে এ বছর নির্বাচন করা সম্ভব নয় কথাটা তিনি রয়টার্সকে এভাবে বলেননি। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমি বলেছিলাম, এখন দেশে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ যে রকম নাজুক অবস্থায় আছে, এ রকম অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি কঠিন হবে এবং এই পুলিশ প্রশাসনের একটা সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার পরীক্ষা দীর্ঘদিন ধরে হয়নি। সেই জায়গা থেকে আমি বলেছি, আমাদের অবশ্যই নির্বাচনের আগে দেশের পুলিশ ও আইনশৃঙ্খলা ব্যবস্থা অবশ্যই উন্নত করতে হবে। সেটার জন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক শক্তিকেও এগিয়ে এসে সহযোগিতা করতে হবে।’

রয়টার্সের সাক্ষাৎকার নিয়ে আলোচনার মধ্যেই গতকাল বিকেল সোয়া ৫টার দিকে এএফপিতে নাহিদ ইসলামের সাক্ষাৎকার প্রকাশ হয়। এএফপিকে তিনি বলেন, ‘হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে এখনো সমস্যার মুখে পড়ছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে নির্বাচনের আয়োজন করা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘আমাদের বিরুদ্ধে প্রায়ই নির্বাচন বিলম্বের ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়। তবে এটা সত্যি নয়।’

বাংলাদেশে সুদূরপ্রসারী সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর আগ্রহে ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এমনকি তরুণরা যে কারণে জীবন উৎসর্গ করেছেন, সেসব সংস্কারেও আগ্রহী নয় তারা।’ তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থান এবং এর পরবর্তী সময়ে আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা বাস্তবায়নে আমাদের একটি বাধ্যবাধকতা রয়েছে। এ কারণে আমরা একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছিলাম।’

নাহিদ ইসলাম মনে করেন, তিনি ও তার দলের নেতারা যদি আগামী সরকার গঠন করতে না-ও পারেন, তারপরও তারা এমন একটি রাজনৈতিক শক্তির সূচনা করেছেন, যা আগামী কয়েক দশক ধরে প্রভাব বজায় রাখবে। তিনি বলেন, ‘কেউই জানতেন না, একটি অভ্যুত্থান হবে। তবে এটি হয়েছে। আমি আন্তরিকতার সঙ্গে আশা করি এবং বিশ্বাস করি যে, আমরা এবার বিজয়ী হতে চলেছি। তবে এই নির্বাচনই পৃথিবীর শেষ নয়...আমাদের লক্ষ্য হলো এই শক্তিটাকে আরও ৫০ বা ১০০ বা বেশি বছর টিকিয়ে রাখা।’