চিকিৎসা দেওয়া হয়েছে কাদায় আটকেপড়া বন্য হাতিকে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুঁইছড়ি ইউনিয়নের জঙ্গল নাপোড়ার কালাচান্দের ঝিরি নামক গহিন পাহাড়ে কাদায় আটকেপড়া বন্য হাতিকে গতকাল শুক্রবার চিকিৎসা দেওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে কাদায় আটকেপড়ার খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা গ্রামবাসীর সহায়তায় পাম্প দিয়ে পানি ছিটিয়ে  হাতির গায়ের কাদা পরিষ্কার করেন। কিন্তু অতিরিক্ত দুর্বল ও অসুস্থ হয়ে পড়ায় গতকাল বিকেল পর্যন্ত হাতিটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। হাতিটিকে ডুলাহাজরা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. জুলকার নাইনের তদারকিতে চিকিৎসা দেওয়া হয়।

ধারণা করা হচ্ছে খাবারের সন্ধানে এসে দুর্বল হাতিটি কাদায় আটকে যায়। অসুস্থ হয়ে পড়ায় হাতিটি উদ্ধারে বেগ পেতে হচ্ছে।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের জলদী অভয়ারণ্য রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ও চাম্বল বন বিট কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, পাহাড়ের কাদায় আটকেপড়া হাতিটিকে পাম্পের মাধ্যমে পানি দিয়ে কাদা পরিষ্কার করা হয়েছে। ডুলাহাজরা সাফারি পার্কের সার্জন ডা. জুলকার নাইনের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। পুষ্টিহীনতার কারণে হাতিটি কাদায় আটকে যায়। হাতিটির বয়স আনুমানিক ৩৫-৪০ বছর।

তিনি আরও জানান, কিছুদিন আগেও চাম্বল পাহাড় থেকে অন্য একটি হাতি নিচে পড়ে হাড় ভেঙে মারা যায়।