সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠজন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। আখাউড়া থানার উপপরিদর্শক এসআই জহিরুল হক বাদী হয়ে গত ২৬ ফেব্রুয়ারি এ মামলা করেন। তবে গতকাল মামলার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. বাবুল জানান, সাবেক মেয়র কাজলের কাছে লাইসেন্স করা একটি পিস্তল, ২০ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন ছিল।
শেখ হাসিনা সরকারের পতনের পর লাইসেন্স বাতিল করে গত ৩ সেপ্টেম্বর অস্ত্র জমা দেওয়ার কথা বলা হলেও মেয়র কাজল অস্ত্র জমা দেননি। পরে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু তার কাছে থাকা বাকি পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার হয়নি। সরকারি নির্দেশনা অমান্য করায় তার বিরুদ্ধে মামলা করা হয়।
স্থানীয়রা জানায়, গত ৫ আগস্ট সাবেক মেয়র কাজল এই পিস্তল দিয়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেন। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেপ্তারের পরপরই কাজল গা-ঢাকা দেন। তিনি ভারতে আছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।