নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুপক্ষের সংঘর্ষের সময় প্রকাশ্যে পিস্তল দিয়ে গুলি করতে দেখা যাওয়া যুবককে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর আলম।
গত বৃহস্পতিবার বিকেলে প্রকাশ্যে পিস্তল দিয়ে গুলি করে আলোচিত হয়ে ওঠা ওই যুবকের নাম সোহাগ। তিনি নাসিক ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী দক্ষিণপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগরের ফুফাতো ভাই বলে জানা গেছে।
নাসিক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন জানান, অবৈধ অস্ত্রধারী সোহাগ দীর্ঘদিন ধরে রাকিবুর রহমান সাগরের ক্যাডার হয়ে কাজ করছে। ঘটনার দিন সাগরের পক্ষ হয়ে সোহাগ প্রকাশ্যে বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি করেছে।
জানতে চাইলে রাকিবুর রহমান সাগর বলেন, ‘সোহাগের সঙ্গে পারিবারিকভাবে আমার কোনো সম্পর্ক নেই। আমাকে বিতর্কিত করতে তৃতীয় পক্ষের প্ররোচনায় সে ঘটনার সময় এমন কাজ করেছে।’
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর আলম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার বিকেলে রাকিবুর রহমান সাগর ও মনির হোসেন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে আদমজী নারায়ণগঞ্জ সড়কের পূর্বপাশে ডিএনডি সেচ খালে নির্মিত সেতুর ওপর দাঁড়িয়ে গুলি করতে দেখা যায় সোহাগকে। গুলি করার এ দৃশ্যটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সোহাগের পরিচয় জানার পর থেকেই তাকে গ্রেপ্তার ও অস্ত্রটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।