সুনামগঞ্জের সতোয়া জলমহালের দুটি খলায় (বিলের পাশের ছাপড়া) আগুন দিয়েছে ১৫ থেকে ২০ গ্রামের মানুষ।
গতকাল শুক্রবার সকালে দিরাই ও শাল্লা উপজেলার সতোয়া জলমহালের মাছ লুট করতে না পেরে দুটি খলায় আগুন ধরিয়ে দেয় গ্রামবাসী। জানা যায়, শুক্রবার ভোরে সতোয়া জলমহালের মাছ লুট হবে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থান নেন সেনাবাহিনীর সদস্য, দিরাই ও শাল্লা থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের লোকজন। পরে সেখানে বাঁশ, জাল, পলোসহ উপস্থিত হয় শ্যামারচর, ললোয়ারচর, মাইতি, কার্তিকপুরসহ ১৫-২০টি গ্রামের প্রায় ছয় থেকে সাত হাজার মানুষ।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জলমহালে মাছ লুট না করতে অনুরোধ জানানো হয়। এ অবস্থায় জড়ো হওয়া মানুষ বিলের মাছ লুট করতে না পেরে জলমহালের পাশের দুটি খলায় আগুন ধরিয়ে দেয়।
শাল্লা থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, সতোয়া জলমহালের মাছ লুট করার জন্য ছয় থেকে সাত হাজার মানুষ জড়ো হয়েছিল। কিন্তু শুক্রবার সকাল থেকে সতোয়া জলমহালে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে ছিল। সে কারণে জড়ো হওয়া মানুষ লুটপাট করতে পারেনি। সেই ক্ষোভে তারা জলমহালের দুটি খলায় আগুন ধরিয়ে দেয়।