দেশের মাটিতে আয়োজিত চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের ভরাডুবি হয়েছে। কোনো ম্যাচ না জিতে গ্রুপ পর্ব থেকেই নিতে হয়েছে বিদায়। ভারতের কাছে হারের পর সুনিল গাভাস্কার বলেছিলেন, এই পাকিস্তান ভারতের ‘বি’ দলকেও হারাতে পারবে না। এবার সেই কথার তীব্র প্রতিবাদ জানালেন পাকিস্তানের সাবেক কোচ জেসন গিলেস্পি।
অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা গিলেস্পি ছয়-সাত মাস পাকিস্তানের কোচের দায়িত্ব পালন করেছেন। তারপর তিনি অনেকটা বাধ্য হয়েই দায়িত্ব ছাড়েন। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি জেতার পর পাকিস্তানের আর কোনো সাফল্য নেই্। তবে কোচিং করানোর সময় পাকিস্তানের ক্রিকেটে প্রতিভার ছড়াছড়ি দেখেছেন গিলেস্পি। তাই গাভাস্কারের বক্তব্যের সঙ্গে তিনি একমত নন।
‘পাকপ্যাশন’ পডকাস্টে গিলেস্পি বলেছেন, ‘আমি এসব কথাবার্তা বিশ্বাস করি না। গাভাস্কারের কিছু মন্তব্য দেখেছি, যেখানে তিনি বলেছেন যে ভারতের বি দল বা সি দলও পাকিস্তানের শীর্ষ দলকে হারাতে পারে। এটা ফালতু কথা। একদমই ফালতু। যদি পাকিস্তান সঠিক খেলোয়াড়দের নির্বাচন করে, তাদের ওপর আস্থা রাখে এবং নিজেদের দক্ষতা গড়ে তোলার সুযোগ দেয়, তাহলে তারা যেকোনো দলকে হারাতে সক্ষম। এতে আমার কোনো সন্দেহ নেই।’
ক্রিকেটে পরিবর্তন চাইলে সময় দিতে হবে বলে মনে করেন গিলেস্পি, ‘সেরা প্রতিভাকে বাছাই করতে হবে এবং ধৈর্য ধরে তাদের পাশে থাকতে হবে। আমার মতে, পাকিস্তান ক্রিকেটে অনেক অস্থিরতা আছে। পিসিবি যদি সত্যিই পরিবর্তন চায় এবং ভালো পারফর্মেন্স চায়, তাহলে তাদের সঠিক মানুষদের দায়িত্ব দিতে হবে, সঠিক খেলোয়াড়দের দলে নিতে হবে, সঠিক নির্বাচক প্যানেল গঠন করতে হবে এবং তাদের ওপর আস্থা রাখতে হবে। তাদের সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, যেন তারা তাদের কাজটা ঠিকমতো করতে পারে।’