‘ওয়াসিম-ওয়াকার টাকার জন্য সব করতে পারে’

আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০৯:৩৮ এএম

পাকিস্তানের ক্রিকেটে শুরু হয়ে গেছে কাদা ছোঁড়াছুড়ি। সাবেক ক্রিকেটারদের মাঝেই লেগে গেছে গণ্ডগোল। চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের ব্যর্থতায় সরব হয়েছিলেন দেশটির সাবেকরা। এবার ওয়াসিম আকরাম আর ওয়াকার ইউনিসকেই আক্রমণ করে বসলেন আরেক সাবেক ক্রিকেটার রশিদ লতিফ।

পাকিস্তানের বিখ্যাত ওয়াসিম-ওয়াকার জুটি একসময় বিশ্ব শাসন করত। তাদের পেস আক্রমণের সামনে খাবি খেতেন বাঘা বাঘা সব ব্যাটার। সেই বিখ্যাত দুই পেসারকে আক্রমণ করে জিও নিউজে রশিদ বলেছেন, ‘পাকিস্তানকে আরেকটি (১৯৯২–এর পর) বিশ্বকাপ জিততে ১৭ বছর লেগেছে। কারণ, নব্বইয়ের দশকের খেলোয়াড়েরা পাকিস্তান ক্রিকেটের যা–তা অবস্থা করেছে! নব্বইয়ের দশকের খেলোয়াড়দের দল এবং ম্যানেজমেন্ট থেকে দূরে রাখুন, তাহলেই তারা জিততে পারবে।’

টাকা দিলে এই দুই ক্রিকেটার নাকি যেকোনো কিছু করতে পারেন উল্লেখ করে রশিদ বলেন, ‘দুবাইয়ের ছেলেরা একেবারে শোরগোল ফেলে দিয়েছে। এখন তারা একে অন্যের পিঠ চাপড়ে দিচ্ছে আর নিজেরা খুশি থাকছে। অথচ তারা তাদের পুরো ক্যারিয়ারজুড়ে একে অন্যের সঙ্গে লড়াই করেছে, আমাদের আগুনের মধ্যে ঠেলে দিয়েছে। অদ্ভুত মানুষ এরা! তাদের সামনে টাকা ফেলুন, তারা সবকিছু করতে রাজি। তারা তো অনেক দিন ধরে পাকিস্তান ক্রিকেটে কাজ করছে, তাই আমি মনে করি, এখন তাদের বিশ্রাম নেওয়া উচিত।’

রশিদের আগে নব্বইয়ের দশকের খেলোয়াড়দের সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক অল-রাউন্ডার মোহাম্মদ হাফিজও, ‘১৯৯০-এর দশকে যারা খেলেছেন, আমি তাদের অনেক বড় ভক্ত। কিন্তু লিগ্যাসির কথা বলতে গেলে, তারা পাকিস্তানের জন্য কিছুই রেখে যাননি। তারা আইসিসির কোনো ইভেন্টে চ্যাম্পিয়ন হতে পারেননি। ১৯৯৬, ১৯৯৯ ও ২০০৩ বিশ্বকাপে হেরে গেছেন। একবার ফাইনালে (১৯৯৯ বিশ্বকাপ) উঠেছিলেন, কিন্তু বাজেভাবে হেরে গেছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত